ঠিকাদারি কাজের জন্য ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতাকে শোকজ
ডেইলি নিউজ আপডেট ডেস্ক:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। সংগৃহীত ছবি
ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সোমবার (১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল যখন বন্যাদুর্গত মানুষের সহায়তা, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, তখন সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাহেদ আহমেদের এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
এ কারণে সংগঠনের শৃঙ্খলা ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির কাছে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল কালের কণ্ঠকে বলেন, ‘সংগঠনের দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের ব্যবহার কাম্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ভাইরাল হলে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয়। তাই সংগঠন তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। প্রকৃত ঘটনা আমার জানা নেই, তবে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে কারণ দর্শানোর জন্য।
প্রসঙ্গত, আদমজী ইপিজেডে একটি ঠিকাদারি কাজকে কেন্দ্র করে সানজিদা গ্রুপের প্রতিনিধি ফরহাদের সঙ্গে সাহেদ আহমেদের হোয়াটসঅ্যাপ কলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে অশালীন ভাষায় গালাগাল করতে শোনা যায়। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
Leave a Reply